UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Mohon Chowdhury
আগস্ট ৩০, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর আ.খ.ম. মাছুম বিল্লাহর সভাপতিত্বে এবং তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা খুলনা শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. ছাইফুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালিমুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ এবং তানযীমুল উম্মাহ মাদরাসার খুলনা শাখার পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক। প্রধান বক্তা ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মিম আতিকুল্লাহ।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ মাদরাসার খুলনা শাখার দায়িত্বশীল, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে কুরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।