বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির শিক্ষা গ্রহণের পাশাপাশি অর্থনৈতিক শোষণ ও বৈষম্য দূর করে তাকওয়াভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। ইসলামী আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
নগরীর সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটি মিলনায়তনে ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, থানা সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাইম এবং থানা কর্মপরিষদ সদস্য মো. দেলোয়ার হোসেন ফরাজী, মো. দেলোয়ার হোসেন কাজল ও ১৮ নম্বর ওয়ার্ড আমীর মো. মশিউর রহমান রমজান।
মো. মাহফুজুর রহমান বলেন, হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামী আন্দোলনের দায়িত্ব পালনে আত্মনিয়োগ করতে হবে। দুনিয়ার মোহ যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথ থেকে কাউকে বিচ্যুত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত করে। ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ধারণ করে ইসলামের আদর্শের ভিত্তিতে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ১৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. মঞ্জুরুল ইসলাম, আব্দুস সালাম বিশ্বাস, ইয়াসিন আলী, শামীম পারভেজ ও ডি এম তৈয়েবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
