UsharAlo logo
, |

দলিল লেখক সমিতি নেতা জাকির হত্যা মামলায় অভিযোগ গঠন 

Mohon Chowdhury
অক্টোবর ৮, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৪ বছর পর দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা খান মোঃ জাকির হোসেন হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছ। আজ বৃহষ্পতিবার খুলনার মহানগর দায়রা জজ আদালত অভিযোগ গঠন করে বিচারের জন্য অপর একটি আদালতে বদলি করেছেন। এ সময় মামলার অভিযুক্ত দুই আসামি বাহাউদ্দিন খন্দকার এবং সাদিকুর রহমান রনি আদালতে উডস্থিত ছিলেন।
আদালত সুত্র জানায়,রাষ্ট্রপক্ষের আইনজীবী চার্জশিটভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আবেদন করেন। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা অভিযুক্তদের অব্যাহতি চেয়ে আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে মহানগর দায়রা জজ মোহাঃ মহিদুজ্জামান দুই আসামির বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগ গঠন করেন। তিনি মামলাটি বিচারের জন্য অতিঃ মহানগর দায়রা জজ (দ্বিতীয়) আদালতে বদলি করে আগামী ৯ ডিসেম্বর সাক্ষীর জন্য দিন ধার্য্য করেছেন। আদালতের এক কর্মকর্তা এসব তথ্য জানান।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম বলেন, জাকির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটির উপরও শুনানি হয়েছে। মামলাটি আদালতের আদেশের জন্য আছে। শুনানির সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আসামি বাহাউদ্দিন খন্দকারকে পরিকল্পনাকারী এবং সাদিকুর রহমান রনির বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়ার অভিযোগ এনেছেন। ঘাতক দলের আরেক সদস্য সাবেক কাউন্সিলর কালামের ভাই জামাল মৃত্যুবরণ করেছেন। পরিকল্পিত এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ২০১২ সালের ২০ মে সন্ধ্যায় নগরীর কেসিসি সুপার মার্কেটের ভেতর আততায়ীরা বাংলাদেশ দলিল লেখক সমিতি’র যুগ্ম মহাসচিব খান মোঃ জাকির হোসেনকে গুলি করে খুন করেছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ জামিলা বেগম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ, ডিবি, সিআইডি এবং পিবিআই কর্তৃপক্ষ মামলাটি দীর্ঘ সময় ধরে তদন্ত করেন। প্রায় সাড়ে ১৩ বছর পরে (আইও) গত ২০২৫ সালের ৭ জুলাই অতিঃ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।