UsharAlo logo
, |

দাকোপে জাতীয় মৎস্য পক্ষ পালিত, সফল চাষিদের সম্মাননা

Mohon Chowdhury
আগস্ট ১৬, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দাকোপ উপজেলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ব্যানার-ফেস্টুন ও হাতিসহ বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ এবং সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়।

রোববার (১৬ আগস্ট) উপজেলা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, বিএনপি নেতা শেখ মোজাফ্ফার হোসেন, আল আমিন সানা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেনসহ স্থানীয় মৎস্যচাষিরা বক্তব্য দেন।

এর আগে ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় পাঁচজন সফল মৎস্যচাষির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, নৌপুলিশ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।