খুলনায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
এসময় যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৭৫টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
বিভাগীয় কমিশনার বলেন, অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে এবং বিভাগীয় প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সহায়তা প্রদান করছে এবং দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করে দিঘলিয়া উপজেলা প্রশাসন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক হুরে জান্নাত দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বেলেঘাট পশ্চিমপাড়া এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন করেন। পরে সেখানে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আরও ৭৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
