দীর্ঘদিনের কমিটি সংক্রান্ত দ্বন্দ্বের অবসান ঘটিয়ে বরিশালের বানারীপাড়ায় শ্রীগুরু সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সাংগঠনিক সম্পাদক ও বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ভক্ত কর্মকারকে সভাপতি এবং বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জহর সাহাকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঐতিহ্যবাহী বনিক বাড়ির শ্রীগুরু মন্দির প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শাখা সংঘের সদস্যদের উপস্থিতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন সম্পন্ন হয়।
দ্বন্দ্ব নিরসন করে সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা। এ সময় তিনি বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বানারীপাড়ায় কোনো বৈষম্যের স্থান থাকবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির বানারীপাড়া গড়ে তুলতে তিনি ও তার দল সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সভাপতি ভক্ত কর্মকার বলেন, শ্রীগুরু সংঘের মূলনীতি হলো ‘সত্য, সেবা, নীতি ও ধর্ম’। এই চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে আদর্শ জীবনযাপন ও মানবকল্যাণ সাধনই সংগঠনের প্রধান লক্ষ্য। সঙ্ঘ শক্তির প্রতিষ্ঠা, আদর্শ গৃহস্থ জীবন গঠন এবং ভক্তদের মধ্যে ভাব বিনিময়ের মাধ্যমে মানবসেবার মহান ব্রত বাস্তবায়নে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঊআ-রহমাতুল্লাহ
