বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে একটি সংবাদপত্রকে জনমানুষের পত্রিকায় রূপ দেওয়া সম্ভব। তিনি দৈনিক সংগ্রামের সংবাদদাতাদের আহ্বান জানান, সংবাদের মাধ্যমে সংগ্রামকে গণমানুষের কাছে তুলে ধরুন।
শনিবার সকালেই দৈনিক সংগ্রামের উদ্যোগে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত ‘দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট মামলায় হয়রানির শিকার সাংবাদিক মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি ও দৈনিক মানজমিনের ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও গিফট বক্স তুলে দেন।
দৈনিক সংগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এবং খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম, খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথি অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে যেমন এগিয়ে নেওয়া সম্ভব, তেমনি একটি পত্রিকাকেও এগিয়ে নেওয়া সম্ভব। সভাপতির বক্তব্যে মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী বলেন, “দৈনিক সংগ্রাম শুধুমাত্র একটি পত্রিকা নয়। এটি নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ বিনিময়ের আন্দোলনের শক্তিশালী হাতিয়ার। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
তিনি জেলা সংবাদদাতাদের আরও উদ্যমী হয়ে কাজ করার আহ্বান জানান এবং পরিবর্তিত পরিস্থিতিতে বিজ্ঞাপন ও সার্কুলেশন বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়ার জন্য নির্দেশনা দেন।
ঊআ-মোহন চৌধুরী
