UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় বর্ষে পদার্পণ করল দৈনিক খুলনা গেজেট

Mohon Chowdhury
আগস্ট ২৭, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে পথচলার এক বছর পূর্ণ করেছে দৈনিক খুলনা গেজেট। ২০২০ সালের ১৩ জুলাই অনলাইন নিউজ পোর্টাল হিসেবে যাত্রা শুরু করার পর ২০২৫ সালের ২৭ আগস্ট দৈনিক মুদ্রিত পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে বেলা ১১টায় কেক কাটা, আলোচনা সভা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে খুলনা গেজেট পরিবারকে অভিনন্দন জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা, প্রত্যাশা ও জনজীবনের নানা বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরছে দৈনিক খুলনা গেজেট। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি পাঠকদের আস্থা অর্জন করেছে এবং খুলনাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে।

বক্তারা আরও বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা, সমাজের কথা এবং দেশের কথা তুলে ধরাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব পালনে খুলনা গেজেট ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

খুলনা গেজেটের সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মনিরুল হাসান বাপ্পী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, প্রবীণ শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার ডিএমডি প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল, ড. খ. ম. রেজাউল করিম, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, সাংবাদিক আবু তৈয়ব, পরিবেশ গবেষক গৌরাঙ্গ নন্দী, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক খুলনা গেজেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্য, সাহসী ও জনমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণের অনুষ্ঠান সম্পন্ন হয়।