UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

Mohon Chowdhury
অক্টোবর ৫, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার দুপুরে খুলনা নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

তিনি বলেন, জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নজরুল ইসলাম মঞ্জু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ধারণ করে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এর আগে মহানগরীর কিন্ডারগার্টেন, প্রাথমিক, কারিগরি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এবতেদায়ী, দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ক’ ও ‘খ’ গ্রুপে নয়টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব বিষয়ের মধ্যে ছিল নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, রচনা, উপস্থিত বক্তৃতা, ইসলামিক সঙ্গীত/গজল এবং নজরুল সাহিত্যভিত্তিক একক অভিনয়।

প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কেসিসি প্রশাসক। বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান। অনুষ্ঠান পরিচালনা করেন নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম।

অনুষ্ঠানে কেসিসির কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।