খুলনা বিভাগীয় পর্যায়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার বিকেলে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বহুমুখী প্রতিভার অধিকারী এবং মানবতা, সাম্য, দ্রোহ, অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের প্রতীক। বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অবদান যেমন অনন্য, তেমনি বিশ্বসাহিত্যেও তিনি এক বিস্ময়কর ব্যক্তিত্ব। তিনি বলেন, ‘নজরুল বর্ষ’ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে এবং এ আয়োজন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের উপপরিচালক এস এম আজিম উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসানসহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নজরুল গবেষক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
