UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Mohon Chowdhury
আগস্ট ৩১, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নারীর অধিকার প্রতিষ্ঠা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং নারীর প্রতি পুরুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি শক্তি প্রকল্প কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মশালার আয়োজন করা হয়। এতে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী সদস্যদের স্বামী, যুবদল ও নারীদলের প্রতিনিধিসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব ও প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন মোছা. সাবিনা খাতুন ও সুদীপ্তা রানী মণ্ডল। এছাড়া প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মশালার বিভিন্ন সেশনে জেন্ডার ও জেন্ডার সমতা, নারীর অধিকার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং পারিবারিক ও সামাজিক জীবনে নারীর প্রতি পুরুষের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে পুরুষদের সচেতনতা ও ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মোছা. সাবিনা খাতুন জেন্ডার সমতা প্রতিষ্ঠায় স্বামীর সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সুদীপ্তা রানী মণ্ডল নারীর অধিকার, নেতৃত্ব বিকাশ, সামাজিক প্রতিবন্ধকতা এবং পরিবার ও সমাজের সহায়ক ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারী শিমুল হাসান বলেন, কর্মশালায় অংশ নিয়ে নারী অধিকার ও পারস্পরিক বোঝাপড়ার বিষয়ে তার ধারণা আরও সুস্পষ্ট হয়েছে। অপর অংশগ্রহণকারী আমিনুল ইসলাম বলেন, তার স্ত্রী প্রকল্পটির সঙ্গে যুক্ত থাকায় তিনি এর কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন। কর্মশালায় অংশ নিয়ে তিনি প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, নারীর অধিকার ও জেন্ডার সমতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এ কর্মশালার মূল লক্ষ্য।