UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে প্রবাসীদের ফুলেল সংবর্ধনায় সিক্ত কেডিএ চেয়ারম্যান মনা

Mohon Chowdhury
অক্টোবর ১৩, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়েছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তাঁর নিউইয়র্ক আগমন উপলক্ষে গত ১৩ অক্টোবর রাতে শহরের একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। হাজার হাজার মাইল দূরে থাকলেও দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা অটুট থাকে। বাংলাদেশকে আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহত্তর খুলনার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও প্রবাসীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

নিউইয়র্কস্থ খুলনা সোসাইটির সাবেক সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সহসভাপতি সোলায়মান ভূঁইয়া ও মো. আক্তার হোসেন বাদল। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্যসচিব মো. জাকির হাওলাদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক মাহমুদ খান তাসের, সাংবাদিক ও কলামিস্ট সাঈদ তারেক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ফরহাদ খন্দকার, বৃহত্তর খুলনা সোসাইটির সভাপতি কাজী ওয়াহিদ এলিন, মামুন টিউটোরিয়ালের মো. আমুন কবির, বোস্টন থেকে আগত গোলাম ফারুক লাল, মফিজুল ইসলাম, ফারুক তালুকদার, ফারুকুল ইসলাম, কামরুল ইসলাম, জুম্মান, পপি ও হায়াতুর রহমানসহ প্রবাসী বাংলাদেশিরা।

প্রবীণ সাংবাদিক শেখ সিরাজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে নৈশভোজের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।

ঊআ- মোচৌ