UsharAlo logo
, |

নিম্ন আয়ের কমিউনিটিতে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন কার্যক্রমের ইনসেপশন সভা অনুষ্ঠিত

ঊষার আলো ডেক্স
মে ৪, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর নিম্ন আয়ের কমিউনিটিতে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন কার্যক্রমের ইনসেপশন সভা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানগরীতে পানি সরবরাহের দায়িত্ব ওয়াসার হলেও তাদের সেবা এখনো সব এলাকায় পৌঁছায়নি। বিশেষ করে নিম্ন আয়ের বসতিগুলোতে বিশুদ্ধ পানির সংকট প্রকট। এ সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

ইউনিসেফ-এর আর্থিক সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে “বাংলাদেশ জলবায়ু সহনশীল টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। প্রকল্পটির লক্ষ্য শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা। খুলনা মহানগরীর বাস্তুহারা, রূপসা চর, গ্রিনল্যান্ড ও মন্টুর কলোনীতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

কেসিসি প্রশাসক ময়ূর নদীকে কেন্দ্র করে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ময়ূর নদী রক্ষা না করা গেলে নগরবাসীর দুর্ভোগ বাড়বে। নদীটিকে আধুনিকায়নের মাধ্যমে পর্যটন এলাকায় রূপান্তরের জন্য তিনি নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নের জন্য সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার কথাও জানান।

সভায় জানানো হয়, প্রকল্প এলাকায় যৌথ টয়লেট অকার্যকর ও সচেতনতার অভাবে প্রায় ৪৭ শতাংশ মানব বর্জ্য ড্রেন বা জলাশয়ে যাচ্ছে। পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহনশীল স্যানিটেশন ব্যবস্থা, কার্যকর বর্জ্য পরিশোধন এবং নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করে পরিবেশ দূষণ কমানো ও জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করা হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত ১০টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি এবং একটি শিশু কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে বাস্তুহারা এলাকায় ২টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে, যেখানে প্রিপেইড কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিরাপদ পানি সংগ্রহ করা যাচ্ছে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইগনে কাসেন ও ইউনিসেফ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর পিটার মাস। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

ঊআ-রহ