UsharAlo logo
, |

নির্বাচনী পরিবেশ নস্যাতে দুষ্টচক্র সক্রিয়—পীর চরমোনাই

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি অভ্যন্তরীণ দুষ্টচক্র সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করতে সহিংসতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এসব খুনি চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ানো এবং দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

গতকাল বিকাল ৩টায় খুলনার জামিয়া রশিদীয়া গোয়ালখালী মাদ্রাসা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের নায়েবে আমীর ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল এবং খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।

পীর সাহেব চরমোনাই বলেন, স্বৈরাচারী শাসনের সময়কার কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলীয় অস্ত্রধারীরা এখনও সক্রিয় রয়েছে। জুলাই বিপ্লবীদের স্তব্ধ করতে ষড়যন্ত্র চলছে। অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগ না থাকায় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ব্যাহত হচ্ছে। ভিআইপি প্রোটেকশন ও বিভ্রান্তিকর জরিপের মাধ্যমে জনমত প্রভাবিত করার অভিযোগও করেন তিনি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সবাই শোকাহত হলেও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি ও প্রশাসনের একপক্ষীয় আচরণ একটি একতরফা নির্বাচনের ঝুঁকি তৈরি করছে।

মতবিনিময় সভায় মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা বক্তব্য দেন এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।

ঊআ-মোহন চৌধুরী