UsharAlo logo
, |

নৈতিক শিক্ষা ছাড়া জাতি গঠন সম্ভব নয়: মিয়া গোলাম পরওয়ার

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় না হলে কোনো মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু নৈতিকতা ও চারিত্রিক গুণাবলীসম্পন্ন মানুষের অভাব প্রকট। নৈতিকতার অভাবেই আজ বহু উচ্চশিক্ষিত ব্যক্তি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ফুলতলার আল হেরা আদর্শ মাদরাসা আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মন্ত্রী, এমপি থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নৈতিকতা ও চরিত্রবোধ না থাকায় দেশকে দুর্নীতিগ্রস্ত করে তুলেছে। তাই দেশ গড়তে হলে আমাদের সন্তানদের কুরআন ও সুন্নাহর আলোকে নৈতিক মানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যারা দুর্নীতি, অসততা, সুদ, ঘুষ ও ব্যভিচারকে ‘না’ বলতে পারবে। তিনি উল্লেখ করেন, এ লক্ষ্য অর্জনে মাদরাসাভিত্তিক নৈতিক শিক্ষা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যে জাতি যত বেশি নৈতিক শিক্ষায় শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আমাদের পরে স্বাধীনতা লাভ করা অনেক রাষ্ট্র নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়েও বাংলাদেশ এমন একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারেনি, যার মাধ্যমে একই সঙ্গে সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক তৈরি করা সম্ভব।

প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা ও ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাব ফুলতলার সভাপতি শামসুল আলম খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে সকাল ৮টায় খানজাহান আলী থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। সেখানে তিনি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে ‘জুলাই সনদ’-এর পক্ষে আসন্ন গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘হ্যাঁ’ মানে দুর্নীতিকে না বলা, ফ্যাসিবাদকে না বলা এবং বিচার, ভোটাধিকার ও আইনের শাসনের পক্ষে অবস্থান নেওয়া।

বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত পুরুষ ও মহিলা সহযোগী সদস্য সম্মেলনেও তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। বিকেলে গুটুদিয়া ইউনিয়নের লাইন বিলপাবলায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক এই সংসদ সদস্য।

ঊআ-মোহন চৌধুরী