UsharAlo logo
, |

পরিকল্পিত খুলনা গড়তে সবুজায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: কেডিএ চেয়ারম্যান মনা

Mohon Chowdhury
আগস্ট ১৫, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সার্বিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং পরিকল্পিত খুলনা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেছেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। জীবন ধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেনের প্রধান উৎস গাছ। তাই আধুনিক, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য খুলনা গড়ে তুলতে পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি সবুজায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে খুলনা ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেডিএ চেয়ারম্যান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নগরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচিকে তিনি শুধু সরকারি উদ্যোগ নয়, বরং একটি জাতীয় আন্দোলন হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কেডিএ’র আওতাধীন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, আবাসিক এলাকা ও ধর্মীয় উপাসনালয়ের প্রাঙ্গণে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হবে না, বরং প্রতিটি চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার।

এসএম শফিকুল আলম মনা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এ কাজে শিক্ষার্থী, যুবসমাজ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কলেজ কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন খুলনা ইসলামিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সাবেক সভাপতি ও ড্যাব খুলনা জেলা শাখার সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলু, কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ হাওলাদার, সহকারী অধ্যাপক ড. মো. জাকারিয়া, মো. মাসুদ আমীর, সৈয়দ হুমায়ুন কবীর, শ ম মোকাররম হোসেন, শাহীনা পারভীন, আনোয়ার হোসেন, সালমা জেসমিন, তানজিলা খাতুন, মো. ফারুক হোসেন, মনোদীপ মন্ডল, মো. গোলাম ফারুক, সুকৃতি মন্ডল, মানবিন্দু রায়, মো. ইকবাল হোসেন, মো. জাহিদ আমীর, প্রভাষক সুশান্ত কুমার মন্ডল, মো. সালাউদ্দিন ও আশিষ সরকারসহ শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে একই স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা।

অনুষ্ঠানে সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, বিএনপি নেতা সাজ্জাদ আহসান পরাগ, ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক শওকত আলী বিশ্বাস লাবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।