UsharAlo logo
, |

পরিবেশ রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

Mohon Chowdhury
জুলাই ৩০, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা, ৩০ জুলাই : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও প্রকৃতি রক্ষার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা বৃহস্পতিবার খুলনা মহানগরীর বয়রাস্থ মেট্রো পুলিশ লাইন্স হাই স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

খুলনা পরিবেশ অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা জে জে এসের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ ও পরিচর্যার কোনো বিকল্প নেই। একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নগরায়নের পাশাপাশি সবুজায়নের ওপর গুরুত্ব দিতে হবে। পরিবেশ সংরক্ষণে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে হলে পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মানুষের স্বাভাবিক বিকাশ ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়। জে জে এসের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোছা. মাহমুদা খাতুন, সমাজসেবক এমডি শহিদুল আলম, কাজী আমিনুল ইসলাম বাহার এবং উজনের নির্বাহী পরিচালক মনসুর আলম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মেট্রো পুলিশ লাইন্স হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক বৈদ্য নাথ দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।

আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।