UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

Mohon Chowdhury
অক্টোবর ১৫, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম সংবাদমাধ্যম ডনকে হতাহতের এ তথ্য নিশ্চিত করেন। আহতদের চিকিৎসা দিতে হাসপাতালটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানান, আল খায়ের স্কুলের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকা অবস্থায় ছাদ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে উদ্ধারকারী দল সব ধ্বংসস্তূপ সরিয়ে ফেলে এবং ঘটনাস্থলে আর কোনো আহত শিশু নেই বলে জানানো হয়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২১ বলে জানানো হলেও পরে তা বেড়ে ২৮-এ দাঁড়ায়। নিহত শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্ডি। তিনি দুর্ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং ছাদ ধসে পড়ার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক অভিভাবক সামিউল্লাহ জানান, ভবনটি দেখে তিনি আশঙ্কা করেছিলেন, তাঁর ছেলেও হয়তো মারা গেছে। ছেলেটি নিচতলায় পড়ত এবং তার শ্রেণিকক্ষের ঠিক ওপরের তলা ধসে পড়েছিল। তবে ঘটনার সময় পানি খেতে শ্রেণিকক্ষের বাইরে থাকায় সে প্রাণে বেঁচে যায়।

পেশোয়ার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। স্কুলের ছাদ ধসের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঊআ- মোচৌ