ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিপলস্ জুট মিলস্ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণিল “আনন্দ উৎসব ২০২৫”।
১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি দক্ষিণাঞ্চলের শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দীর্ঘদিন পর এ প্রতিষ্ঠানটি ১০ জুলাই ২০২৫ তারিখে সরকারিকরণ করা হয় এবং পরবর্তীতে ১৪ জুলাই ২০২৫ গেজেটের মাধ্যমে বিদ্যালয়ের নতুন নামকরণ করা হয়— পিপলস্ জুট মিলস্ সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
সরকারিকরণের এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হচ্ছে দিনব্যাপী এই উৎসব। উৎসবে অংশ নিতে আগ্রহীদের জন্য ৬০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।
উৎসবের সূচনা হবে ২৭ ডিসেম্বর সকালেই এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিতে অংশ নেবেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। র্যালিটি খুলনার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হবে।
দিনব্যাপী এ আনন্দ উৎসবে উপস্থিত থাকবেন— বিদ্যালয়ের সচিব মহোদয়, জেলা প্রশাসক (ডিসি), বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী। উৎসবের বিভিন্ন আয়োজনে থাকছে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, মিলনমেলা, অভিজ্ঞতা বিনিময় এবং বিদ্যালয়ের উন্নয়ন-পরিকল্পনা উপস্থাপন।
আয়োজকরা জানান, সরকারিকরণের এ ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে আয়োজিত এই উৎসব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে এক সেতুবন্ধন রচনা করবে এবং বিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে।
ঊআ-মোচৌ

