UsharAlo logo
, |

প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন জেলা বিএনপির

Mohon Chowdhury
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপি নেতারা পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিক উদযাপনের বিষয় নয়; এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান উৎপাদনমুখী রাজনীতির কথা বলেছেন এবং দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি সেই ধারাবাহিকতারই একটি প্রতীকী ও বাস্তবধর্মী উদ্যোগ।

মনিরুজ্জামান মন্টু আরও বলেন, দেশের জলাশয়গুলো নানা কারণে হুমকির মুখে রয়েছে এবং অনেক দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে। জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এখনও গণতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক হিসেবে রয়েছে। দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর, সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।

মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এস এম শামীম কবির ও জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব খান ইসমাইল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।