UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

প্রবহমান নদী-খাল ইজারা বন্ধ ও উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি

Mohon Chowdhury
অক্টোবর ১৫, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনার বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার প্রবহমান নদী-খালকে বদ্ধ জলাশয় দেখিয়ে ইজারা প্রদান বন্ধ, অনিয়ম পাওয়া গেলে ইজারা বাতিল এবং জনসাধারণের জন্য জলাশয় উন্মুক্ত ও সংরক্ষণের দাবি জানিয়েছে লোকজ ও মৈত্রী কৃষক ফেডারেশন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মৈত্রী কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিভাস মণ্ডল। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডল।

লিখিত বক্তব্যে বলা হয়, বটিয়াঘাটা ও দাকোপের কৃষি, মৎস্য আহরণ, জীববৈচিত্র্য ও গ্রামীণ অর্থনীতি নদী-খালের স্বাভাবিক পানিপ্রবাহের ওপর নির্ভরশীল। কিন্তু প্রবহমান নদী-খালকে বদ্ধ জলাশয় দেখিয়ে ইজারা দেওয়ার অভিযোগে কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষের পানির ব্যবহার, মাছ আহরণ এবং জীবিকা হুমকির মুখে পড়ছে। পানিপ্রবাহ বাধাগ্রস্ত হলে কৃষিজমিতে সেচ ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও ফসলহানির ঝুঁকিও বাড়ছে।

সংবাদ সম্মেলনে বটিয়াঘাটা উপজেলার আমতলা, খড়িয়া, বটবুনিয়া, বরাখালী, ছোটখড়িয়া, মরাখড়িয়া, গোন্ধামারী ও বটিয়াঘাটা খালসহ সংশ্লিষ্ট জলাশয়ের প্রকৃত অবস্থা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়।

বক্তারা জানান, গত ১৭ জুলাই খুলনা জেলা প্রশাসকের গণশুনানিতে এসব খালের ইজারা বন্ধ ও উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবিতে আবেদন করা হয়েছিল। পরবর্তী সময়ে নেট-পাটা অপসারণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে তাঁরা দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বটিয়াঘাটা ও দাকোপের প্রবহমান নদী-খালের ইজারা কার্যক্রমের বৈধতা যাচাই, অবৈধ বাঁধ ও নেট-পাটা অপসারণ এবং সংশ্লিষ্ট নথি প্রকাশের মাধ্যমে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, তাঁরা বৈধ মৎস্য ব্যবস্থাপনার বিরোধী নন। বরং কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষায় নদী-খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও অবাধ ব্যবহার নিশ্চিত করতে চান।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লোকজের নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার, কৃষক ফেডারেশনের সহ-সভাপতি দীপ্তি রাণী মল্লিক ও আশালতা ঢালী, সহ-সাধারণ সম্পাদক ফজলুর রহমান লাভলু, ঠাকুরদাস মণ্ডল, শ্যামল সরকার এবং লোকজের সমন্বয়কারী পলাশ দাশসহ অন্যরা।

ঊআ- মোচৌ