UsharAlo logo
, |

বই পড়ার বিকল্প নেই, খুলনায় সেমিনারে হুইপ রকিবুল ইসলাম

Mohon Chowdhury
নভেম্বর ১৪, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

 

বই মানুষের আত্মার খোরাক, জ্ঞান অর্জন ও আত্মার তৃপ্তির জন্য বই পড়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। গণতন্ত্র সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন এবং যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে দেশ গড়তে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় খুলনা নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার চতুর্থ দিনে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ করেছিলেন। শিক্ষার্থীদের সংস্কৃতিচর্চায় আগ্রহী করা, ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তি কমানো এবং মাদক থেকে দূরে রাখতে বই পড়ার অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার। প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল মান্নান। আলোচক হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আশিক উর রহমান ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

এর আগে বইমেলা উপলক্ষে হুইপের নেতৃত্বে নগরীর নিউমার্কেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঊআ-মোচৌ