দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে সোমবার (১৩ জুলাই) সকালে মুফতী গোলাম রহমান প্রতিষ্ঠিত মারকাযুল উলূম খুলনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, বন্যাকবলিত এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। মানবিক ও ইসলামী দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। তিনি দ্রুত ত্রাণ সংগ্রহ করে দুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী, ইমাম, খতিব ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, দুর্যোগের এ সময়ে রাজনৈতিক ও ব্যক্তিগত বিভেদ ভুলে মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা দেশবাসীর প্রতি বন্যার্ত মানুষের জন্য দোয়া ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান।
সভায় সিদ্ধান্ত হয়, খুলনা মহানগর ও জেলার বিভিন্ন মসজিদ এবং সংগঠনের মাধ্যমে নগদ অর্থ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, শিশু খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে বন্যাকবলিত এলাকায় পাঠানো হবে। পাশাপাশি একটি সমন্বয় কমিটি গঠন করে দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।
খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী রকিব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী ইব্রাহিম খলীল, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী আবদুল্লাহ মুখতার, মুফতী হুমায়ূন কবীর, মাওলানা এখলাসুর রহমান, মুফতী রিজওয়ানুল কারীম, মুফতী নাজিমুদ্দিন, মুফতী মামুনুর রশীদ, মুফতী নাজমুস সাকিব, মাওলানা মুজাহিদুল ইসলাম ও মাওলানা বাইজিদ হুসাইন। এ সময় জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও মহানগর পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
