UsharAlo logo
, |

বাঁশখালীর বন্যার্তদের পাশে খুলনার ‘জুলাই কন্যা’ নিশি ও হাফসা

ঊষার আলো ডেক্স
জুলাই ২১, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বাঁশখালীতে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলনার ‘জুলাই কন্যা’ হিসেবে পরিচিত শামসুন্নাহার নিশি ও তাঁর সহযোদ্ধা হাফসা। সোমবার (২০ জুলাই) তারা বাঁশখালীর প্লাবিত এলাকার এক হাজার জলমগ্ন পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, ওষুধ এবং নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন।

জানা যায়, মানবিক এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রোববার রাতেই খুলনা থেকে ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন নিশি ও হাফসা। দীর্ঘ যাত্রা শেষে সোমবার সকালে তারা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে পানিবন্দী মানুষের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল, মুড়ি, প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন তুলে দেন। পাশাপাশি নারীদের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রীও বিতরণ করা হয়।

এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন কয়েকটি অসহায় পরিবার এবং ক্ষতিগ্রস্ত কয়েকটি স্থানীয় মাদ্রাসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন তারা।

ত্রাণসামগ্রী পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। এক বয়োজ্যেষ্ঠ উপকারভোগী বলেন, পানিবন্দী অবস্থায় তারা চরম সংকটে ছিলেন। এমন সময়ে দূর খুলনা থেকে এসে খাদ্য, ওষুধ ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শামসুন্নাহার নিশি ও হাফসা বলেন, মানুষের দুর্দশার সময়ে ভৌগোলিক দূরত্ব কোনো বাধা হতে পারে না। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। তারা জানান, তরুণদের সম্মিলিত উদ্যোগে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।