UsharAlo logo
, |

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড-এর পরিচালনা পর্ষদের নির্দেশনায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড-এর প্রধান কার্যালয় প্রাঙ্গণে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, সমাজে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর উচিত অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মৌলিক চাহিদা পূরণে তাদের পাশে দাঁড়ানো। সাম্প্রতিক শৈত্যপ্রবাহে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এই উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে সিবিএ’র সাধারণ সম্পাদক মোঃ আলমগীর বলেন, গত রাতে খুলনা রেলস্টেশন, নিউ মার্কেট এলাকা, খালিশপুর নতুন রাস্তা, দৌলতপুর রেলস্টেশন, ফুলতলা রেলস্টেশন এবং যশোরের নোয়াপাড়া রেলস্টেশনসহ খুলনা জেলার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড খুলনার জিএম মোঃ মোসলেম উদ্দিন, মোঃ এনামুল হক, মোঃ আরিফুর রহমান, মোঃ মোখলেছুর রহমান, সিবিএ সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ব্যবস্থাপনা কল্যাণ কর্মকর্তা মোঃ মুরাদ হোসেনসহ সিবিএ নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঊআ-মোহন চৌধুরী