ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী তিন মাস আগ থেকেই কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, নগরীর সড়ক, ড্রেন ও জনপরিসর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হলেও ডেঙ্গু সংক্রমণ প্রত্যাশিত হারে কমছে না। এ পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকেও নিজ নিজ বাড়ি-ঘর পরিষ্কার রাখতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সোমবার সকালে নগরীর সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধবিষয়ক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, শুধু সড়ক ও ড্রেন পরিষ্কার করলেই হবে না, প্রত্যেক পরিবারকে নিজেদের বাসা-বাড়ির আঙিনা, ছাদ, বাগান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ঝোপঝাড় পরিষ্কার এবং বদ্ধ পানি অপসারণে সবাইকে সচেতন হতে হবে। অন্যথায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্ধুমহল ও পরিবারের সদস্যদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়াতে তাদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সপ্তাহে অন্তত একদিন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম মঞ্জু আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতা আন্দোলন গড়ে উঠলে ডেঙ্গু জ্বরের সংক্রমণ অনেকাংশে হ্রাস পাবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গুবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কেসিসি প্রশাসক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।
এ সময় কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কনজারভেন্সি কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, কেসিসির সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা মহানগরীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণও এতে অংশগ্রহণ করেন।
