বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা এবং বিএফইউজের নেতৃবৃন্দ।
এক যৌথ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, কাদের গনি চৌধুরীর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সফল করবে। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে জাতীয় সংবাদ সংস্থা বাসস আরও আধুনিক, গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের গণমাধ্যম খাত নতুন মাত্রা লাভ করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ কাদের গনি চৌধুরীর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের জন্য শুভকামনা জানান।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।
এছাড়া পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম এবং এইচ এম আলাউদ্দিন। তারা কাদের গনি চৌধুরীর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে তাঁর অবদান আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
