খুলনাকে ঐতিহ্যবাহী শিল্প ও আধুনিক শিক্ষার মডেল নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশকে বিশ্বের অন্যতম উন্নত ও সমৃদ্ধ জাতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শিক্ষাক্ষেত্রে অর্জিত উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শিববাড়ি মোড়স্থ জিয়া হল চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একসময় খুলনা ছিল দেশের অন্যতম প্রধান শিল্পনগরী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র। বিভিন্ন কারণে সেই শিল্পভিত্তি দুর্বল হয়ে পড়লেও বর্তমান সরকার খুলনাকে পুনরায় শিল্প, বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে।
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশবিরোধী ষড়যন্ত্রের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, নানা অপচেষ্টা ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুল এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এবং জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু।
সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
দুপুর থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মহানগর ও জেলার বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশস্থলে যোগ দেন। অতিথিদের আগমনের আগেই জিয়া হল চত্বর জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশের শুরুতে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বৈরী আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত শোভাযাত্রা কর্মসূচি বাতিল করা হয়।
এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরুতে দলীয় প্রধান কার্যালয়সহ মহানগর, থানা, উপজেলা ও ওয়ার্ড কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
