UsharAlo logo
, |

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

Mohon Chowdhury
আগস্ট ২২, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পূর্বে টানা ১৭ বছর আন্দোলন-সংগ্রামে রাজপথে হামলা-মামলা ও নির্যাতনের শিকার ত্যাগী-পরীক্ষিত বিএনপি নেতাকর্মীদের সর্বাধিক মূল্যায়নের অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে সাধারণ জনগণও কম নির্যাতন-নিপীড়নের শিকার হয়নি। তাই জনগণকে সর্বোচ্চ স্বস্তি দেওয়া এবং তাদের সম্পৃক্ত করেই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী মহাসমারোহে উদযাপন করা হবে।

শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি. ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুজ্জামান মন্টু বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, হেলথ কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় সেবার আওতায় আনতে হবে। জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণকে সরকার পরিচালনায় সম্পৃক্ত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শের প্রতি আস্থার পুনর্ব্যক্তকরণ এবং গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিতে জেলার সব উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভা পরিচালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী মনোনয়ন দেবে এবং দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বা দখলবাজির অভিযোগ উঠলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কর্মসূচিতে কোনো অনুপ্রবেশকারীকে স্থান না দেওয়ার নির্দেশনাও দেন তিনি।

সভায় সিদ্ধান্ত হয়, খুলনা মহানগর বিএনপির সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। আগামী ১ সেপ্টেম্বর সকাল ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিকেল ৩টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া ২ সেপ্টেম্বর থেকে উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হবে।

প্রস্তুতি সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।