বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি। একই সঙ্গে নগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটির নেতারা।
শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন।
সভায় নেতারা বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পরাজিত অপশক্তি এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গুজব, উসকানি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলেও জনগণের গণতান্ত্রিক পথচলা কোনোভাবেই রোধ করা যাবে না।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কার্যালয়গুলোতে আলোকসজ্জা করা হবে। একই দিন বিকেল ৩টায় নগরীর শিববাড়ি মোড়স্থ জিয়া হল চত্বরে বর্ণাঢ্য সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মহানগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও মিছিলসহ সমাবেশে অংশ নেবেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এমপি। প্রধান বক্তা থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আলী আসগর লবী এমপি, আমির এজাজ খান এমপি এবং খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ বক্তা থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি উপ-কমিটিও গঠন করা হয়েছে। ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক কে এম হুমায়ুন কবীর ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু এবং শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক শেখ সাদী ও সদস্য সচিব আব্দুল আজিজ সুমন।
সভায় ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক হামলার ঘটনায় তীব্র নিন্দা, ধিক্কার ও ক্ষোভ প্রকাশ করা হয়। নেতারা বলেন, শান্ত খুলনায় আতঙ্ক সৃষ্টি ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও এর পেছনের মূল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পরে এক যৌথ বিবৃতিতে মহানগর বিএনপির নেতারা বলেন, ককটেল হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি শান্ত পরিবেশ নষ্ট করার অপচেষ্টার অংশ। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সভায় মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
