UsharAlo logo
, |

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

Mohon Chowdhury
জুন ৮, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা অপচয়ের দায়ভার সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে এমন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হতো না।

তিনি দেশের বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অপচয় বন্ধ করে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আব্দুল গফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে উৎপাদন ব্যয় বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

ঊআ-মোচৌ