বাংলাদেশের উর্দুভাষী (বিহারী) জনগোষ্ঠীর মানবিক, সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক অধিকারসংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার সমাধান দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি দেন উর্দুভাষী জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন ক্যাম্প ও ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ মানবেতর পরিবেশে জীবনযাপন করছে। দীর্ঘদিন ধরে তারা পর্যাপ্ত আবাসন, সুপেয় পানি, উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত।
নেতৃবৃন্দ বলেন, বিশেষ করে নতুন প্রজন্মের শিশু, কিশোর-কিশোরী, নারী ও যুবসমাজ নানা সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। ফলে তাদের স্বাভাবিক বিকাশ ও জীবনমান উন্নয়ন ব্যাহত হচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, উর্দুভাষী জনগোষ্ঠী দেশের সমাজ ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। তাই তাদের আবাসন ও জীবনমান উন্নয়নে স্থায়ী, বাস্তবসম্মত ও মানবিক সমাধান প্রয়োজন। শুধু মানবিক সহায়তা বা সাময়িক ত্রাণ নয়, বরং মর্যাদাপূর্ণ ও টেকসই পুনর্বাসন কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের সভাপতি মো. ফরিদ খান, সেক্রেটারি মো. হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক শামীমুল বাহার, ওয়ার্কিং প্রেসিডেন্ট আ. ওয়াহিদ, সহ-সভাপতি আ. ওহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
