UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার অবদান জাতিকে নতুন ভবিষ্যৎ নির্মাণে অনুপ্রেরণা জোগাবে: নজরুল ইসলাম মঞ্জু

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, তাঁর এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটি নতুন ভবিষ্যৎ নির্মাণ করতে পারব।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আসর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নগরীর বিকে স্কুল মিলনায়তনে নাসির খানের সভাপতিত্বে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন।

এর আগে বাদ মাগরিব ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে শমসের আলী মিন্টুর সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। সেখানে দোয়া পরিচালনা করেন মো. ইউনুচ আলী। এছাড়া তিনি বাদ এশা ২৬ নম্বর ওয়ার্ডের নূরানী জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলেও অংশ নেন, যেখানে দোয়া পরিচালনা করেন মাওলানা নঈম মোল্লা।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কারণ এই মহীয়সী নারীর নেতৃত্বে আমরা দীর্ঘকাল গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করেছি। হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে তাঁর অবদান কখনোই অস্বীকার করা যাবে না। তিনি আরও বলেন, আসুন আমরা সবাই ঐক্য ও ভালোবাসার মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণ করি। এই ঐক্যের মাধ্যমেই গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ করা সম্ভব হবে।

দোয়া মাহফিলগুলোতে উপস্থিত ছিলেন কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, মজিবর রহমান ফয়েজ, ইউসুফ হারুন মজনু, শের আলম সান্টু, আল জামাল ভুঁইয়া, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, হাসান মেহেদী রিজভী, মহিবুল্লাহ শামীম, ওমর ফারুক, আব্দুল জব্বার, রিয়াজুর রহমান, মেশকাত আলী, বাচ্চু মীর, রবিউল ইসলাম রবি, সাব্বির আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।

এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ঊআ-মোহন চৌধুরী