UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বোমা হামলা ও অপপ্রচারের প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

Mohon Chowdhury
আগস্ট ৩০, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর যারা পেছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখেছিলেন এবং জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে প্রত্যাখ্যাত হয়েছেন, তারাই আজ রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

রোববার (৩০ আগস্ট) বিকেলে নগরীর কদমতলা এলাকায় ২১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বোমা হামলা ও অপপ্রচারের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এড. শফিকুল আলম মনা বলেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ এবং মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি দীর্ঘদিন ধরে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি বোমা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, শফিকুল ইসলাম শফি, মিজানুর রহমান মিলটন, ইসতিয়াক আহমেদ ইস্তি, মো. নাসির উদ্দিন, জাকির ইসলাম বাপ্পি, শেখ মনিরুজ্জামান মনির, গাজী আফসার উদ্দিন, শফিকুল ইসলাম জোয়ারদার জলি, ইফতেখার হোসেন বাবু, মাসুদুল হক হারুন, এস এম নুরুল আলম দীপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর স্টেশন রোড প্রদক্ষিণ করে হেলাতলা মোড়ে গিয়ে শেষ হয়।