‘নাগরিক সেবা বাংলাদেশ’ প্ল্যাটফর্মে সেবা প্রদানে তথ্য সুরক্ষা, স্বচ্ছতা ও উদ্যোক্তাদের দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট একটি আমানত। এই উপাত্ত সুরক্ষায় শৈথিল্য দেখা দিলে নাগরিকের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সততা, আস্থা ও দায়িত্বশীলতা বজায় রাখা উদ্যোক্তাদের নৈতিক দায়িত্ব।
তিনি শুক্রবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার জনগণের হয়রানি কমানো এবং সময় ও শ্রমঘণ্টা সাশ্রয়ের লক্ষ্যে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ প্ল্যাটফর্ম চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একই স্থানে একাধিক নাগরিক সেবা সহজে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে, যাতে তারা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারেন।
তিনি আরও বলেন, নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও তথ্য সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নাগরিকের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না হলে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও তা হুমকি হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। উদ্যোক্তা সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন এটুআই’র হেড অব ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার প্রায় পাঁচ শত উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা প্রদানে গুণগত মান নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ঊআ-মোহন চৌধুরী
