ঊষার আলো ডেস্ক : করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে উত্তীর্ণ হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের স্নাতকে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও সেটি বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর নায়েম মিলনায়তনে ২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সোমবার (২০ ডিসেম্বর) একটি ভিন্ন প্রসঙ্গে ইউজিসির সঙ্গে সভা রয়েছে। তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কারণ আমার শিক্ষার্থীরা যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়েছে, সেই সিলেবাসটাই তারা পড়েছে। তার বেশি যদি তারা পড়তে পারতো তবে পরীক্ষাতেও তাদের সিলেবাস বড় করতাম। তাদেরকে সংক্ষিপ্ত সিলেবাসই পড়তে হয়েছে। এখন তাদের যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবার পুরো সিলেবাসে পরীক্ষা হয় সেটি নিশ্চয়ই যুক্তিযুক্ত হল না। নায্যতার প্রশ্ন তো থেকেই যায়, সে কারণে কমিশনের সঙ্গে বিষয়টি উত্থাপন করব। যারা গুচ্ছ পদ্ধতিতে রয়েছে তাদের সঙ্গেও, যারা নেই তাদের সঙ্গেও। আশা করি একটি ইতিবাচক সমাধান পাব।
বিদ্যালয়গুলোতে অতিরিক্ত ফি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান যদি অতিরিক্ত ফি নেয়, কেউ যদি অভিযোগ করে ও তার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
(ঊষার আলো-এফএসপি)
