UsharAlo logo
, |

ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানেরশীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান—মনিরুজ্জামান মন্টু

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, গত দেড় যুগ ধরে সারাদেশের মতো খুলনার মানুষও ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, তবে সামনে রয়েছে কঠিন অগ্নিপরীক্ষা। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২০২৪-এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপসহীন। তাই জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানেরশীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-১ আসনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা শীর্ষক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনিরুজ্জামান মন্টু বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ এবং জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন অপরিহার্য। বিএনপি দলীয় মনোনয়নের বাইরে কোনো প্রার্থী নেই উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—সবার আগে বাংলাদেশ।

তিনি আরও বলেন, খুলনার সবগুলো সংসদীয় আসনে ধানেরশীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে সতর্ক করে বলেছেন, এবারের নির্বাচন অত্যন্ত কঠিন হবে এবং দেশবিরোধী ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠেছে। মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে সব ষড়যন্ত্র রুখে দিতে ধানেরশীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ মো. তৈয়েবুর রহমান। জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং মো. এজাজুর রহমান শামীমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. ফারুক হোসেন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাইফুর রহমান, আশিকুজ্জামান আশিক, ওয়াহেদুজ্জামান, কারিমুল ইসলাম, শেখ মো. মাসুদুজ্জামান, আবু বকর সিদ্দিক নিরু, ব্রজেন ঢালী, বাহাদুর মুন্সী, আবুল হোসেন তালুকদার, রেহেনা আফরোজ সুইটি, কনিজ ফাতেমা, বাপ্পী খান, রুহুল মোমেন লিটন, রাশেদ কামাল, জসিম উদ্দিন, ওলিয়ার রহমান, মোল্যা ইমরান আহম্মেদ, আসাফুর রহমান, হাফিজুর রহমান, মো. আরাফাত হোসেন, কামাল মহলদার, জাহাঙ্গীর হাওরাদার ও মোল্যা আসাদুজ্জামান প্রমুখ।

সম্মেলনে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানেরশীষ প্রতীকের পক্ষে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঊআ-মোহন চৌধুরী