UsharAlo logo
, |

মহানবী (সা.)-এর আদর্শভিত্তিক রাষ্ট্রে ফ্যাসিবাদের স্থান নেই : মাহফুজুর রহমান

Mohon Chowdhury
সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নীতি ও আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে কোনো দল বা সরকার জালিম বা ফ্যাসিস্ট হতে পারবে না। রাষ্ট্র সংস্কার এবং একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

সোমবার রাতে নগরীর খালিশপুরস্থ আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) খুলনা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ও সিরাত গ্রন্থ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজুর রহমান বলেন, কুরআনে আল্লাহ তাআলা মানব-রচিত আদর্শের বিপরীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। রাসূলে করিম (সা.)-এর নীতি ও আদর্শকে ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় বাস্তবায়ন করতে হবে। শুধু তাঁর জীবনাদর্শ শুনে গেলেই হবে না, বরং তা রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন মুসলিম উম্মাহর জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ন্যায়, শান্তি, মানবিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। রাসূলে করিম (সা.)-এর সামগ্রিক জীবনের প্রতিটি দিক অনুসরণ করার মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত ভালোবাসার পরিচয় পাওয়া যায়।

এফডিইবি খুলনা মহানগরীর সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও এফডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন, বিজেএমসি’র (অব.) ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোল্লা আলমগীর, মাওলানা মোল্লা হুসাইন বিন আমজাদ এবং এফডিইবি খুলনা মহানগরীর উপদেষ্টা আব্দুল মান্নান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এম আল আমিন আকাশ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী আরিফুল ইসলাম এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন প্রেরণা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, খুলনার শিল্পী মো. ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে কেডিএ ডিপ্রকৌশসের সভাপতি প্রকৌশলী মাহমুদ হাসান, প্রকৌশলী সাব্বির হোসেন, প্রকৌশলী দেলোয়ার হোসেন, প্রকৌশলী আলাউদ্দিন, প্রকৌশলী আবুল কালাম, প্রকৌশলী বোরহান উদ্দিন, প্রকৌশলী শাহীন আলম, প্রকৌশলী নাইমুর রহমান আশা, প্রকৌশলী সেলিম রেজা, প্রকৌশলী হাবিবুল্লাহ, প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রকৌশলী ইমরান হুসাইন ও প্রকৌশলী হোসেন আলীসহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর সীরাত অধ্যয়ন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর শিক্ষা অনুসরণ করার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও কর্ম সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সিরাত গ্রন্থ পাঠের মাধ্যমে তরুণ সমাজ মহানবী (সা.)-এর আদর্শ সম্পর্কে জানতে পারবে এবং তা ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নে উদ্বুদ্ধ হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রকৌশলীদের মাঝে সিরাত গ্রন্থ উপহার প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।