UsharAlo logo
, |

মা ও শিশুর সুস্থতায় পুষ্টিকর খাবারের গুরুত্বের ওপর জোর কেসিসি প্রশাসকের

Mohon Chowdhury
আগস্ট ৪, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই মা ও শিশুদের সুস্থ রাখতে মায়েদের নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার বিকেলে নগরীর খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা ও শিশু পুষ্টি খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউএনডিপির অর্থায়ন এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত এলএসইউপিসিবি প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের ৪০৩টি পরিবারের মাঝে ডিম, ডাল ও ভোজ্যতেল বিতরণ করা হয়।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে মায়েদের সচেতন হতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে কোথাও যেন পানি জমে না থাকে এবং শিশুদের মশার আক্রমণ থেকে সুরক্ষিত রাখারও আহ্বান জানান তিনি।

এর আগে সকালে কেসিসি প্রশাসক নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পরে বয়রা শ্মশানঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।