খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার দুপুরে খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে ‘রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৈশোরবান্ধব মাসিক স্বাস্থ্য ও হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট এ প্রকল্প বাস্তবায়ন করছে। রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডর টিম এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ডাস্টবিন স্থাপন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, তাপপ্রবাহ মোকাবিলায় সবজি বীজ বিতরণ ও বৃক্ষরোপণ, কলেজ ক্যাম্পাসের পুকুর সংস্কার ও ড্রেন পরিষ্কার, তাপদাহ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত হাইজিন কিট বিতরণ করা হবে। এসব কার্যক্রম বাস্তবায়নে কলেজের ৩০ জন যুব সদস্য অংশ নেবেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. নেহালউদ্দীন মুন্সি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল বাসার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সমন্বয়কারী শেখ খোন্দকার মুকুল আহমেদ, কলেজের প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. সাকিবুল হাসান, অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স অ্যাসোসিয়েট মিতা মাহমুদ মুন্নি, জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার সভাপতি মো. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু উবাইদা মাহিমসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উপসহকারী পরিচালক মোসা. রেক্সোনা খাতুন।
