খুলনার ঐতিহ্যবাহী মুহাম্মাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগামী তিন বছর মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য আব্দুল গফুর, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ মাহবুবুর রহমান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ময়না।
নবগঠিত কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য (পুরুষ) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট কমিউনিটি (বিজেপিসি)-এর সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির সাংবাদিক আনিছুর রহমান কবির। বিদ্যোৎসাহী সদস্য (মহিলা) নির্বাচিত হয়েছেন শারমিন নাহার জলি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অভিভাবক সদস্য উম্মে সালমা ও রেশমা বেগম, শিক্ষক প্রতিনিধি মোর্শেদা বাঁধন ও মো. গোলাম হাছান শেখ, অবসরপ্রাপ্ত শিক্ষক সদস্য এম. এম. এমদাদ আলী এবং স্থানীয় ইউপি সদস্য আ. আজিজ শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুবক্কার মোল্লা। তাঁর উপস্থিতিতে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ সময় ১নং জলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন খান, ১নং জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি আব্দুল গফুর ও সহ-সভাপতি মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন কমিটি আন্তরিকতার সঙ্গে কাজ করবে। এ লক্ষ্যে তারা শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
