UsharAlo logo
, |

মোংলাকে ঘিরে জাতীয় অর্থনৈতিক হাব গড়ার পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী

Mohon Chowdhury
আগস্ট ১৭, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বন্দরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আগামী এক মাসের মধ্যে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় খুলনা হোটেল সিটি ইন-এ মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অংশীজন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মোংলা বন্দরের অপার সম্ভাবনা রয়েছে। সরকারি দপ্তরগুলোতে সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে রাজস্ব আয় বৃদ্ধি পাবে। তিনি বন্দরের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। জাতীয় অর্থনৈতিক হাব প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা স্বাগত বক্তব্য দেন। সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক হুরে জান্নাত, মোংলা কাস্টমস হাউসের কমিশনার ড. আবু নূর রাশেদ আহমেদ ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল ইসলাম বাপ্পি।

অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় বন্দর ব্যবহারকারী, আমদানি-রপ্তানিকারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন বন্দরের উন্নয়নসংক্রান্ত মতামত তুলে ধরেন।