UsharAlo logo
, |

ম্যাথ অলিম্পিয়াডে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল কুয়েট

Mohon Chowdhury
জুলাই ১২, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াড (খুলনা রিজন) ২০২৫-এ সাফল্য অর্জনকারী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ তাঁর দাপ্তরিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন। একই অনুষ্ঠানে গণিতচর্চা ও সাংগঠনিক নেতৃত্বের মাধ্যমে কুয়েটের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কুয়েট ম্যাথ ক্লাবের সভাপতি শাহরিয়ার সাজ্জাদ সজল এবং সাধারণ সম্পাদক মোস্তফা আদীব চৌধুরীকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের খুলনা অঞ্চলের প্রতিযোগিতায় কুয়েটের শিক্ষার্থীরা একাধিক শীর্ষস্থান অর্জন করেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ফারজামুল ইসলাম দ্বিতীয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তফা আদীব চৌধুরী তৃতীয়, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অঙ্কন হালদার পঞ্চম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সানজানা চৌধুরী সপ্তম, ইইই বিভাগের শাহরিয়ার সাজ্জাদ সজল অষ্টম, ইইই বিভাগের সাম্য বাছাড় নবম এবং সিএসই বিভাগের নিশাদুজ্জামান নিশাদ দশম স্থান অর্জন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, গণিত কেবল একটি বিষয় নয়, এটি যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তাশক্তি ও উদ্ভাবনী সক্ষমতার মৌলিক ভিত্তি। জাতীয় ম্যাথ অলিম্পিয়াডে কুয়েট শিক্ষার্থীদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতার উজ্জ্বল স্বীকৃতি। তিনি বলেন, এ ধরনের অর্জন বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের পথে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীল উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলী, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক ও এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল আলম, সহকারী পরিচালক ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শাহ মুহাম্মদ আজমত উল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়া বক্তব্য দেন জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কুয়েট মডারেটর প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, গণিত বিভাগের প্রফেসর ড. এম. এম. তাওহিদ হোসেন এবং অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে গণিত বিভাগের শিক্ষক ও কুয়েট ম্যাথ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রকৌশল শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ভিত্তি হলো গণিতভিত্তিক বিশ্লেষণী দক্ষতা। কুয়েট শিক্ষার্থীদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, গবেষণামুখী পরিবেশ এবং প্রতিযোগিতামূলক সক্ষমতারই প্রতিফলন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি স্মারক আলোকচিত্র ধারণ করা হয়।