UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না’— পপিকে বাপ্পারাজ

বিনোদন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন রুপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই সিনেমার নায়িকা  সাদিকা পারভীন পপিকে ঘিরে নতুন করে আলোচনায় শুরু হয়েছে। তবে সেটা অভিনয় দিয়ে নয়। সম্প্রতি এই অভিনেত্রীর একটি বক্তব্য তাকে নতুন করে সংবাদ শিরোনামে নিয়ে এসেছে।

আর সেই বক্তব্যের জবাবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মন্তব্য জানিয়েছেন অভিনেতা বাপ্পারাজ।

সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে লেখা রয়েছে, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’

পপির এই বক্তব্য নিয়ে নিজের মতামত তুলে ধরে জয় লিখেছেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে।’

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে জয় আরও বলেন, ‘আমার প্রশ্ন, আপনারা তো ১৬ আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে? তাই ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া কইরেন।’

জয়ের সেই পোস্টের মন্তব্যের ঘরে অনেক নেটিজেনদেরও অভিনেতার সঙ্গে একাত্মতা পোষণ করতে দেখা গেছে। তারা নিজেদের নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এমনকি সেখানে আরেক অভিনেতা বাপ্পারাজও মন্তব্য করেন।

বাপ্পারাজ লিখেছেন, ‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

জয়ের পোস্টে বাপ্পারাজ যেন এভাবেই সরাসরি পপির বক্তব্যের জবাব দিয়ে দিলেন।

উল্লেখ্য, সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা পপি নিজের বর্তমান জীবন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। জীবনের নতুন অধ্যায় প্রসঙ্গে পপি বলেন, সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।

পপির করা এই মন্তব্য থেকেই সবাই ধরে নেয়, সিনেমায় অভিনয়কে ‘পাপ’ হিসেবে ইঙ্গিত করেছেন তিনি। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

ঊষার আলো-এসএ