বাংলাদেশের ২২তম জিআই পণ্য ও যশোরের ঐতিহ্যের প্রতীক ‘খাঁটি খেজুর গুড়’ সংরক্ষণ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অভয়নগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোঃ ওমর ফারুক। তিনি বলেন,
“যশোরের খেজুর গুড় আমাদের ঐতিহ্যের অংশ। দেশ-বিদেশে এর সুনাম রয়েছে। বর্তমানে গাছিদের স্বাস্থ্যসম্মতভাবে গুড় উৎপাদন ও সংরক্ষণের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্য বিলুপ্তির পথে, তাই নতুন খেজুরগাছ রোপণ ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “গুড় শুধু খাদ্যদ্রব্য নয়, গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির অন্যতম ধারক। এই ঐতিহ্য ধরে রাখতে কার্যক্রম চলমান রাখা জরুরি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং গাছিরা এতে উপস্থিত ছিলেন।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় প্রায় পাঁচ লাখ খেজুর গাছ রয়েছে। গত বছর এসব গাছ থেকে তিন হাজার পাঁচশ’ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়েছে, যার মধ্যে পাঁচশ’ মেট্রিক টন বিদেশে রপ্তানি করা হয়।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ২০ জন গাছির মাঝে খেজুর গাছ কাটার জন্য ‘গাছিদা’ বিতরণ করেন। পরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ‘প্রশিক্ষণ, দক্ষতা ও উন্নয়ন’ বিষয়ে মতবিনিময় করেন।
ঊআ-মােহন চৌধুরী
