UsharAlo logo
, |

যাকাত দারিদ্র্য বিমোচনের বড় হাতিয়ার : প্রতিমন্ত্রী অমিত

Mohon Chowdhury
জুলাই ৩১, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নামাজ যেমন ফরজ, তেমনি সামর্থ্যবান মুসলমানদের জন্য যাকাত প্রদানও ফরজ। নিয়ম অনুযায়ী যাকাত আদায় করা হলে সমাজে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

শুক্রবার বিকেলে যশোর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে সরকারি যাকাত বোর্ড কর্তৃক কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ও জেলা পর্যায়ে নির্বাচিত যাকাত প্রার্থীদের মাঝে যাকাতের অর্থ, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের মাঝে চেক বিতরণ ও প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যাকাত দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর হাতিয়ার। তিনি সামর্থ্যবানদের নিয়মিত যাকাত প্রদানের আহ্বান জানিয়ে বলেন, সরকার ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খান এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক মো. আবুল কাশেম।

অনুষ্ঠানে ২০৯ জন যাকাত প্রার্থীর মধ্যে ১০ লাখ ৫১ হাজার ৬৪৮ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া নয়জন উদ্যোক্তার মধ্যে দুই লাখ ৭০ হাজার টাকার সুদমুক্ত ঋণের চেক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ৪০ সদস্যের মধ্যে ৪০ হাজার টাকা প্রণোদনা দেওয়া হয়। জেলার আট উপজেলার ৮৮ জন ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে পাঁচ হাজার টাকা করে মোট চার লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।

এর আগে সকালে প্রতিমন্ত্রী সদর উপজেলার চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি (মনিরামপুর) সড়কের চার কিলোমিটার প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় তিন কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২০০ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। সড়ক নির্মাণকাজে স্থানীয় জনগণকে সহযোগিতার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।