UsharAlo logo
, |

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে এর জবাব আরও ব্যাপক পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ‘বিশ্বব্যাপী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি এ কথা বলেন।

মোজতবা খামেনি বলেন, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের পাল্টা জবাব।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এ ধরনের আগ্রাসন আবার ঘটলে এর জবাব আরও ব্যাপক মাত্রা ধারণ করবে।’

বার্তায় মধ্যপ্রাচ্যের ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন খামেনি। ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইঙ্গিত করে তিনি তাদের ‘বিচক্ষণ ও শক্তিশালী বীরত্বপূর্ণ কর্মকাণ্ড’ বলে অভিহিত করেন।

খামেনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা তুলে ধরেছে। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘পরিপূর্ণ উন্নয়নের মাধ্যমে আরও শক্তিশালী ইরান গড়ার কৌশল অব্যাহত রাখাই পূর্ণাঙ্গ প্রতিরোধক্ষমতা অর্জনের একমাত্র পথ।’

ঊষার আলো-এসএ