UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

১৯ ছক্কায় তাণ্ডব, বিশ্বরেকর্ডে ভাগ বসালেন আরিয়া

ক্রীড়া ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টিতে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন ভারতের প্রিয়াংশ আরিয়া। মাত্র ৬৮ বলে করেছেন ১৮১ রান। সব ধরনের টি-টোয়েন্টিতে ভারতীয় কোনো ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আর বিশ্ব ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। তবে বিশ্বরেকর্ডটা ভাঙা হয়নি, আর ৮ রান করলেই সে রেকর্ড ভাঙতে পারতেন তিনি।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে এই কীর্তি গড়েন দিল্লির অধিনায়ক আরিয়া। ২৫ বছর বয়সী এই ওপেনার তার ইনিংসে মেরেছেন ১৯টি ছক্কা। টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডেও এখন যৌথভাবে শীর্ষে তিনি। নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করছেন আরিয়া।

ইন্দোরের ডেলি কলেজ মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন আরিয়া। মাত্র ১৮ বলে পূর্ণ করেন নিজের অর্ধশতক। পাওয়ারপ্লেতে দিল্লির রান ছিল ১ উইকেটে ৯৪। এরপর মাত্র ৩৬ বলে তুলে নেন নিজের তৃতীয় টি-টোয়েন্টি শতক। ১৫০ রানের মাইলফলক ছুঁতে তার লাগে আরও ২৪ বল।

ইনিংসের একপর্যায়ে এম সিদ্ধার্থের বলে টানা একটি চার ও একটি ছক্কা মারেন আরিয়া। তাতেই ছাড়িয়ে যান ক্রিস গেইলকে। টি-টোয়েন্টিতে গেইলের ১৭৫ রানের অপরাজিত ইনিংসটি প্রায় ১৩ বছর সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল। গত মাসে দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ১৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে সেই রেকর্ড ভাঙেন।

সে রেকর্ডটাকেও হুমকির মুখে ফেলে দিয়েছিলেন আরিয়া। ১৯তম ওভারের চতুর্থ বলে আউট হন তিনি। শেষ পর্যন্ত খেলতে পারলে আর ৮ রান ঠিকই তুলে নিতে পারতেন নিশ্চয়ই।

সে রেকর্ড ভাঙা না গেলেও ভারতীয় ব্যাটারদের মধ্যে আরিয়ার এই ইনিংসই এখন সর্বোচ্চ। ২০২১ সালে কিরণ নাগভিরের ৭৬ বলে ১৬২ রানের ইনিংসকে পেছনে ফেলেছেন তিনি।

আইপিএল ২০২৭-এর নিলামের আগে আরিয়াকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। আইপিএল ২০২৬-এও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন এই ওপেনার। এবার ঘরোয়া ক্রিকেটেও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি।

ঊষার আলো-এসএ