UsharAlo logo
, |

রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 “ফিরে চল স্মৃতির টানে” — এই স্লোগানকে ধারণ করে খুলনা নগরীর রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রথম পুনর্মিলনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উপলক্ষে সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ১০০ পাউন্ডের কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোসা: আসমা বেগম।

প্রথম পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খান মো. জাফর সাদিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের স্কুল ইন্সপেক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অমিত কুমার বর্মন, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও রায়েরমহল ডিগ্রি কলেজের সভাপতি মো. রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন মিলনমেলা স্মৃতিচারণার পাশাপাশি পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন আড্ডার মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় জীবনের স্মৃতি নতুন করে উপভোগ করেন।

ঊআ-মোহন চৌধুরী