খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ রিয়াদুল জান্নাহ হিফ্য মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাস্সিরে কুরআন ও মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতী মোঃ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রধান উপদেষ্টা বিশিষ্ট নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, পরিবেশবিদ, নাগরিক নেতা ও খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মানবতাবাদী অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাস্সিরে কুরআন এবং দারুল আমান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ দেলোয়ার হুসাইন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলানিউজটুয়েন্টিফোর.কম-এর খুলনা ব্যুরো এডিটর ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল ইসলাম, হাফেজ আয়াতুল্লাহ সুলতান খান, হাফেজ মোঃ জাকির হোসেন, হাফেজ মোঃ আব্দুল্লাহ, হাফেজ মোঃ ইব্রাহিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের দুই পর্বে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হিফ্য বিভাগের শিক্ষার্থী মোঃ সাইমুন রহমান ও জোহরা খাতুন ইলমা। ইসলামী সংগীত পরিবেশন করেন হিফ্য বিভাগের শিক্ষার্থী তাবাসসুম আক্তার তুবা এবং মাদ্রাসা সংগীত পরিবেশন করেন হাফেজ মোঃ রেজওয়ান খান তাসিন।
অনুষ্ঠানে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বালক ও বালিকা শাখার পৃথক প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ভিত্তি গড়ে তোলে। ধর্মীয়-নৈতিক শিক্ষা, আরবি, হিফ্য ও সাধারণ শিক্ষার সমন্বয় একজন শিক্ষার্থীকে ইহলৌকিক সফলতা ও পরলৌকিক শান্তির পথে পরিচালিত করে। এই সমন্বিত শিক্ষাব্যবস্থার সফল বাস্তবায়ন ঘটেছে রিয়াদুল জান্নাহ হিফ্য মাদ্রাসায়।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক, প্রধান উপদেষ্টা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষ করে শিক্ষকমণ্ডলীর একাডেমিক যোগ্যতা, প্রশিক্ষণ, দক্ষতা ও আন্তরিকতার ফলে মাদ্রাসাটি একটি যুগোপযোগী ও মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। শিক্ষার্থীদের আদব শিক্ষা ও অভিভাবকদের মনস্তাত্ত্বিক অন্তর্ভুক্তির মাধ্যমে আদর্শ পরিবেশে পাঠদান নিশ্চিত করায় এখানে একটি আনন্দদায়ক ও কার্যকর শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।
ঊআ-মোহন চৌধুরী
